জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান কলমাকান্দা উপজেলায় সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, এসিল্যান্ড অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস প্রমুখ।
পুষ্টি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন সভা
খাগড়াছড়ি প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামের সব ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ে ‘মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফরম’ গঠন নিয়ে এক পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এতে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, লীন প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী আজিজুল্লা আল মাহমুদ প্রমুখ।
বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাতক্ষীরার তালা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১৮০ জন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে লিফলেট বিতরণ
বান্দরবান প্রতিনিধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বৃহস্পতিবার বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে ‘নো মাস্ক নো সার্ভিস’ সংবলিত লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল সরকার এবং এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে দুটি টিম।
দলিতদের মধ্যে নগদ অর্থ সহায়তা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা উপজেলার দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর অতিদরিদ্র ৯০০ পরিবারের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বরে হেকস ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের উদ্যোগে এসব অর্থ প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা আমন ধানের ফলাফল প্রদর্শনী উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর সেচ পরীক্ষা খামারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপপ্রধান কৃষিতত্ত্ববিদের দপ্তর রংপুর কর্তৃক আয়োজিত শস্য কর্তন ও মাঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা-এর অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) হাবিবুর রহমান।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল বীজ ও সার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ২৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী।
স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জলঢাকায় গণমাধ্যম ও স্থানীয় ক্যাবল অপারেটরদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা কমিউনিটি লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদে স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফ্রান্সিস হাজং।
