দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, ‘নারীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বর্তমানে নারীদের যে সুবিধা দিচ্ছে, তা আমরা আগে পাইনি। নারীদের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার যে রাস্তা তৈরি হয়েছে, সেই সুযোগ তৈরির জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
গতকাল বৃহস্পতিবার বনানীতে পার্পেল ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তাসমিমা হোসেন এসব কথা বলেন।
তাসমিমা হোসেন বলেন, ‘নারীরা সব সময় সংসার ধরে রাখেন। তারা পরিবারকে বাঁচানোর জন্য কাজ করেন। একজন নারী বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন। তাই মেয়েদের সব কাজে আমি উত্সাহ দিতে চাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘মানুষের জীবনে পরিশ্রমের বিকল্প নেই। আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। খুব ছোট পরিসরে স্টুডিওর দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। ধীরে ধীরে আজকে এই পর্যায়ে এসেছি। আমি ব্যবসা আর রাজনীতি দুটোতেই পরিশ্রমকে গুরুত্ব দিয়েছি। মাথায় ছিল, সব সময় পরিশ্রম করতে হবে।’ তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে একটি অপরিচিত জায়গায় নির্বাচন করেও ধীরে ধীরে মানুষের মন জয় করেছি। মানুষের মন জয় করতেও পরিশ্রম করতে হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্পেল ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের পরিচালক কাশফিয়া আহমেদ, রিজিয়া সালাম, ড. নাদিয়া বিনতে আমিন প্রমুখ।
উল্লেখ্য, ১২ জন নারী উদ্যোক্তার মালিকানায় যাত্রা শুরু করেছে খাদ্য ও কৃষিজাত পণ্য প্রতিষ্ঠান পার্পেল ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড, যারা খাদ্যপণ্য ও কৃষিজাত পণ্য অনলাইন এবং আউটলেটের মাধ্যমে বিক্রি করবে।
