গুলশান পুলিশকে করোনা সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২১

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান অপরাধ বিভাগকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের প্রতিনিধিরা গুলশান অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে করোনা মোকাবিলায় ৬ কোটি ৮৭ লাখ ডলারেরও বেশি অনুদান দিয়েছে। গতকাল দেওয়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)-এর মধ্যে রয়েছে ২ হাজার ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, ৪৫০টি ২৫০ মিলিলিটারের মেডিক্যাল-গ্রেড হ্যান্ড স্যানিটাইজার বোতল এবং ১ হাজার মুখ ঢাকার শিল্ড বা বর্ম। এই সব সরঞ্জাম স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কেনা হয়েছে।

পুলিশের গুলশান অপরাধ বিভাগ করোনা মোকাবিলায় সম্মুখসারিতে থেকে কাজ করছে। দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গুলশান অপরাধ বিভাগকে সুরক্ষা পিপিই অনুদান দিতে পেরে গর্বিত, কারণ তারা স্থানীয় জনগোষ্ঠীকে কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র এই মহামারি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে এবং একই সঙ্গে আমাদের দুই দেশের মধ্যে ইতিমধ্যে তৈরি হওয়া গভীর সম্পর্ক আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।