গাজীপুরের কালিয়াকৈরে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ইবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান চৌধুরী। জানা যায়, উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা ফরেস্ট রেঞ্জের বিভিন্ন এলাকায় দেড় শতাধিক অবৈধ করাতকল রয়েছে। সরকারি বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও এক শ্রেণির লোক অবৈধভাবে এসব করাতকল স্থাপন করে ফায়দা লুটছে। চোরাই পথে সংগ্রহ করা গজারিসহ সরকারি বনের বিভিন্ন কাঠ এসব করাতকলে চেরাই করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বোয়ালী বিটের বড়ইবাড়ী এলাকায় ঐ অভিযান পরিচালিত হয়।
