আকিজ ফ্লাওয়ার মিলে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২৪

বন্দরে ‘আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রি’ কারখানায় মেশিনে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের ঐ ঘটনায় নিহতরা হলেন—একরামপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে মো. রাজু (২৬) ও একই এলাকার বাসিন্দা অন্তু ওরফে অন্তর (২২)।

বন্দর থানার উপপরিদর্শক গোপাল চন্দ্র ঘোষ বলেন, ‘দুপুরে ময়দা প্যাকেটিং করার মেশিন পরিষ্কার করার সময় তারা ভেতরে পড়ে যায়। বিকাল ৩টায় মেশিনের পাইপ কেটে দুই জনকে উদ্ধার করা হয়। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’ তিনি বলেন, ‘লাশ দুইটি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির পাশে গড়ে ওঠা একই গ্রুপের আটা-ময়দা তৈরির কারখানায় দুপুর ১টায় সাইলো (আটা তৈরির ভিম) পরিষ্কার করতে গিয়ে ৩০ মিটার উচ্চতা বিশিষ্ট মেশিনের ভেতরে পড়ে যায় তিন জন। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস তিন জনকে উদ্ধার করে। এর মধ্যে রাজু ও অন্তর ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরো এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আকিজ আটা-ময়দা কারখানার প্রোডাকশন ম্যানেজার গালিবুর রহমান জানান, এটি একটি দুর্ঘটনা। সাইলো পরিষ্কারের জন্য প্রথমে এক জন নামতে গিয়ে ভিমের ভেতরে পড়ে যায়। অন্যজন তাকে বাঁচাতে এলে সেও পড়ে যায়। তাদের সহযোগিতা করতে গেলে আরো একজন গুরুতর আহত হয়।