ওসমানীনগরে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২৯

সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর জায়গায় ভবন নির্মাণ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। আদালতের রায় পাওয়ার পরও প্রবাসীকে তার জায়গায় ভবন নির্মাণে বাধা দিয়ে যাচ্ছে একটি মহল। বুধবার সকালে এই প্রবাসী মার্কেট নির্মাণের কাজ শুরু করলে দুষ্কৃতকারীরা হামলার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে গতকাল দিনভর উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে প্রবাসীর ভাগিনা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের তাজপুর গ্রামের আছমত উল্যা ওরফে কাচা মিয়ার ছেলে প্রবাসী আব্দুল হক কাইয়াখাইড় মৌজার অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকায় থাকা ১০ শতক ভূমির একাংশে টিনশেড দোকান বানিয়ে ইছকন্দর আলীর ছেলে আলী হোসেনের কাছে ভাড়া দেন। ভাড়া নেওয়ার প্রথম দুই বছর আব্দুল হককে আলী হোসেন ভাড়া প্রদান করলেও ২০১৭ সাল থেকে আলী হোসেন দোকানের ভাড়া পরিশোধ না করে উলটো প্রবাসীর জায়গা দখলে মরিয়া হয়ে ওঠেন এবং বিল্ডিং নির্মাণে বাধা দিয়ে আসছেন। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলার বাদি আব্দুল হকের অনুকূলে এই মামলার রায় প্রদান করেন। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জানান, নতুন বাজার এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সবাইকে শান্ত থাকার নির্দেশ প্রদান করে। এ ঘটনায় প্রবাসীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।