প্রথম ধাপের সব পৌর নির্বাচনে ইভিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৫২

প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তপশিল আগামী রবি অথবা সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপের সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ।

তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ ডিসেম্বরে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তপশিল ঘোষণা করতেই হবে বলে জানান তিনি। বর্তমানে ২৫০ পৌরসভায় মামলা বা নির্বাচন করতে কোনো জটিলতা নেই বলে জানান তিনি। 

ইসি সূত্রে জানা যায়, এবার ধাপে ধাপে পৌরসভার ভোট হবে। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তপশিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।

গত বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে এলেই তা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার না হলে রবিবার প্রথম ধাপের তপশিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইসির সিনিয়র সচিব জানান, এ নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ইসি সূত্র জানিয়েছে, বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এর মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ। ইতিমধ্যে পাঁচ পৌরসভার তপশিল দিয়েছে ইসি। এদিকে দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্র প্রস্তুত করেছে ইসি। গত ১৫ নভেম্বর ১৯৬ পৌরসভার সব ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে তপশিল ঘোষণার পরে দুই দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।