কুষ্টিয়া চিনিকল

দুর্নীতির দায়ে সাবেক এমডি ও দুই সিবিএ নেতা সাসপেন্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৫৫

দুর্নীতির দায়ে কুষ্টিয়া চিনিকলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত বুধবার তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন সাবেক এমডি গোলাম সারওয়ার মোর্শেদ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

জানা গেছে, চিনিকলে শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও মালামাল সরবরাহকারীদের বিল পরিশোধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ ঘটনায় বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিনিকলের সদ্য বদলিকৃত এমডি গোলাম সারওয়ার মোর্শেদের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে সঞ্চয়পত্র ভাঙানো, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের চেক প্রদানের সময় কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ঘুষ গ্রহণ ও আত্মসাত্ এবং অবসর গ্রহণের দুই-এক মাস পূর্বে কর্মচারীদের ৯০ থেকে ৯৫ ভাগ ঋণ প্রদানের অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে কর্মচারী বিধিমালা ১৯৮৯ এর ৪৪ (১) ধারামতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সনত্ কুমার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া একই অভিযোগে চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঐ দুই নেতাকে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক  মো. রকিবুর রহমান খান স্বাক্ষরিত পত্রে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশনও ঘটনাটি আলাদাভাবে তদন্ত করছে বলে জানা গেছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রকিবুর রহমান খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।