ভাণ্ডারিয়ায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি’

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:০২

 ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি’ নামে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ সড়কটির অবস্থান ভাণ্ডারিয়ার বটতলা হইতে কলেমা চত্বর হয়ে চরখালীর বিসমিল্লাহ্ চত্বর পর্যন্ত। বরিশাল-ঝালকাঠি-রাজাপুর-ভাণ্ডারিয়া-পিরোজপুর সড়কের ১০ কিলোমিটারের এ অংশটির নাম জাতির পিতার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত এক সভায় এ নামকরণের প্রস্তাব গৃহীত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা হচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, ইউপি চেয়ারম্যানদের মধ্যে ধাওয়ার সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুরের মো. মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার খান এনামুল করিম পান্না, তেলিখালীর মো. শামসুদ্দিন প্রমুখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার প্রমুখ।