সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় এক গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই নুরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে। মূল আসামি সোহেল আকন্দ পলাতক রয়েছে।
মামলায় বলা হয়, গত বুধবার দুপুরের খাবারের জন্য বের হলে আসামি নুরুল ইসলাম ঐ গার্মেন্টসকর্মীকে প্রেমিক সোহেলের সঙ্গে দেখা করানোর কথা বলে পাঠানটুলি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। ঐ বাড়ির একটি কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণ করে সোহেল আর বাইরে পাহারা দেয় নুরুল ইসলাম। জানা যায়, গার্মেন্টসে আসা যাওয়ার পথে সোহেলের সঙ্গে ঐ কিশোরীর পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। গ্রেফতারকৃত আসামি নুরুল ইসলাম উপজেলার আইলপাড়া এলাকার মোখলেছ হাজীর বাসার ভাড়াটিয়া। আর সোহেল ঐ এলাকার মজিদের ছেলে।
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
এদিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় চাকুরীর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় যুবলীগ কর্মী জসিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরী গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জানা যায়, কিশোরী বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করে জীবিকা নির্বাহ করে। এক মাস পূর্বে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে জসিমের সঙ্গে তার পরিচয় হয়। গত বুধবার চাকুরী দেওয়ার কথা বলে জসিম তার ভাগনের বাসায় এনে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ঐ বাড়ির লোকজন বিষয়টি টের পেলে ভুক্তভোগী কিশোরী কৌশলে বের হয়ে যায়।
