বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে শক্তিশালী ও বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষিত, অন্য ভাগে শাসিত। আমি শোষিত মানুষের পক্ষে। বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ শীর্ষক ওয়েবিনার কনফারেন্সে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আরো একটি বৈশিষ্ট্য ছিল মানুষের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাই তাকে তাড়িয়ে নিয়ে গেছে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দান করেছে। বঙ্গবন্ধু জনগণকে সঙ্গে নিয়েই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুখ্য আলোচক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী শোয়াবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন প্রমুখ।
