প্রায় দেড় যুগ আগে বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ সুমনা সরকারের ভাইভা (মৌখিক) পরীক্ষা নিতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। পিএসসির করা আবেদন নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ। আদালতে সুমনা সরকারের পক্ষে আইনজীবী মোতাহার হোসেন সাজু ও সেলিনা আক্তার চৌধুরী এবং পিএসসির পক্ষে শামীম খালেদ শুনানি করেন।
মোতাহার হোসেন সাজু বলেন, আবেদনটি নিষ্পত্তি করে আপিল বিভাগ পিএসসিকে সুমনা সরকারের ভাইভা পরীক্ষা নিতে বলেছে। ডা. সুমনা বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
আইনজীবীরা জানান, ২০০৩ সালে সুমনা সরকার ২৩তম বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করেন। কিন্তু মূল সনদ দেখাতে না পারায় ভাইভা পরীক্ষায় তার কার্ড ইস্যু করা হয়নি। এরকম আরো ২৯২ জনের মধ্যে ১২ জন হাইকোর্টে রিট দায়ের করেন। ঐ রিটের শুনানি শেষে হাইকোর্ট তাদের ভাইভা পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেয়। পরে তারা নিয়োগ পান। এ ঘটনার পর সুমনা সরকার একটি প্রবেশন সনদ দাখিলসহ পিএসসির বরাবর দরখাস্ত করেন তার ভাইভা নেওয়ার। পিএসসি তাকে সুযোগ না দেওয়ায় ২০০৯ সালে হাইকোর্টে রিট করেন। ঐ রিটের দীর্ঘ শুনানি নিয়ে ২০১৫ সালে এক রায়ে হাইকোর্ট ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে পিএসসি। চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়। গতকাল আপিল বিভাগে ঐ আবেদনের ওপর শুনানি শেষে আদালত মৌখিক পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেয়। আইনজীবীরা জানান, আদেশ পাওয়া গেলে জানা যাবে পিএসসিকে কতদিনের মধ্যে ভাইভা পরীক্ষা নিতে হবে ।
