উদীয়মান ভারতকে শত্রু মনে করে চীন। দেশটি চায় আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করতে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত একটি পলিসি ডকুমেন্টে এই অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, আমেরিকাকে বিশ্বের শীর্ষ স্থানটি থেকে সরাতেও বদ্ধপরিকর চীন। খবর আনন্দবাজার পত্রিকার
আমেরিকার সংবিধান অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পরবর্তী প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পলিসি ডকুমেন্টে চীনের উত্তরোত্তর বেড়ে ওঠা আগ্রাসি মনোভাবের কথাও উঠে এসেছে। বলা হয়েছে, চীন সংলগ্ন এলাকার দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ ক্ষণ্ন করার চেষ্টায় ব্রতী হয়েছে।
ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেইজিংয়ের মনোভাবের বিষয়ে জানানো হয়েছে, ভারত যাতে চীনের অর্থনৈতিক উচ্চাশা পূরণ করে তার জন্য চাপ দিচ্ছে। বেইজিং চাইছে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করতে এবং অন্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্কের চরম অবনতি হোক। রিপোর্টে পূর্ব লাদাখে উত্তেজনা সৃষ্টি এবং তা দীর্ঘদিন জিইয়ে রাখায় চীনা পিপলস লিবারেশন আর্মির ভূমিকারও সমালোচনা করা হয়েছে। ৭০ পৃষ্ঠার রিপোর্টে উল্লেখ করা হয়, বেইজিং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এ ভাঙন ধরাতে চাইছে। রিপোর্ট বলছে, চীনের মূল লক্ষ্য আমেরিকা ও ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন্স। রয়েছে ভিয়েতনাম, তাইওয়ান ও ইন্দোনেশিয়াও।
