উচ্চ আদালতে জামিন পাওয়ার পরেও সাদা পোশাকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবারা এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একটু আগে আমি খবর পেলাম, আমাদের উত্তরার তুরাগ থানার সভাপতি-সম্পাদক বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পথে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে, এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা অহরহ ঘটছে এখন। অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। অবিলম্বে এদের মুক্তি দিন। অন্যথায় জনগণের আন্দোলনের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গ কিন্তু আপনাদের টিকে থাকতে দেবে না।
মির্জা ফখরুল আরো বলেন, আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বন্দি, আমাদের তরুণ সম্ভাবনাময় নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করছেন। আমাদের লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে ৩৫ লাখের বেশি মিথ্যা মামলা। গুম হয়ে গেছেন আমাদের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী এবং নিহত হয়েছেন সহস্রাধিক। গত কয়েক দিন আবারও গুম হয়েছেন তিন-চার জন। ফখরুল বলেন, প্রতিদিন পত্রপত্রিকার ক্ষমতাসীনদের দুর্নীতির খবর আসছে। ভয়াবহ দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই, দুই-একটা চুনোপুটিদের ধরে জনগণকে বিভ্রান্ত করছে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব বলেন, এই সংকটময় পরিস্থিতিতে আমাদের নেতার জন্মদিনে কোনো উত্সব পালন করতে পারছি না। তার এই জন্মদিনে আমরা কেক কাটব না। এ সময় তৃণমূল পর্যায়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে সংগঠিত করার ক্ষেত্রে তারেক রহমানের নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব।
১৪ দিনের হোম
কোয়ারেন্টাইনে
মির্জা ফখরুল
বাসায় একজন আত্মীয়ের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনাসভায় অংশ নিয়ে নিজেই এ তথ্য জানান ফখরুল। বিএনপির একটি সূত্র জানায়, মির্জা ফখরুলের শ্যালক কাজী একরামুল রশীদের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তিনি ফখরুলের উত্তরার বাসায় ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার চেয়ারপারসনের কার্যালয়ে এই আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ফখরুল বলেন, ‘আমি দুঃখিত, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। আমার বাসায় করোনা ধরা পড়েছে। ফলে আমাকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে।
