নিবন্ধন না থাকলেই গাড়ি ডাম্পিং!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:৩৫

নিবন্ধন বিহীন গাড়ি চালালেই সেটিকে ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে ডিএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো চাঁদা উঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ উঠানো যাবে। ড্রাইভারদেরকে আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দ ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখপূর্বক বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।