উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থী গ্রেফতার, সংঘর্ষ ও গুলিতে তিনজন নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:৩৬

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ববি ওয়েইনকে গ্রেফতারের পর শুরু হয়েছে বিক্ষোভ। পুলিশ জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় করোনাবিধি ভাঙায় ববিকে আটক করা হয়েছে। এরপরই শুরু হয় বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই। খবর ডয়চেভেলের

রেড ক্রস জানিয়েছে, অন্তত তিনজন নিহত এবং অনেক আহত হয়েছে। ওয়াইনকে আটক করার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কাম্পালা ও অন্য শহরগুলোতে শুর হয় প্রতিবাদ। বিশেষ করে তরুণ ও যুবকরা রাস্তায় নেমে পড়ে। ট্র্যাফিক আটকে দেয়। আগুন ধরিয়ে দেয় ও অবরোধ শুরু করে। তাদের দাবি ছিল, অবিলম্বে ববি ওয়াইনকে মুক্তি দিতে হবে। স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সেনা ও পুলিশ নেমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। তারা কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং গুলি চালায়।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, পূর্ব উগান্ডায় প্রচার করার সময় ববি করোনাবিধি ভেঙেছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার বলেছেন, উগান্ডার রাজনীতিকরা করোনা বিধি ভেঙে মানুষকে মিছিল করতে বলছেন, জনসভা করছেন। এর ফলে করোনা ছড়াচ্ছে। ওয়াইন রীতিমতো জনপ্রিয়। তিনি পপ তারকা থেকে এমপি হয়েছেন। এখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি মনোনয়নপত্র পেশ করার পরেই তাকে গ্রেফতার করা হয়। তিনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী। পপ তারকা হওয়ার কারণে তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।