ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইসরাইলকে বয়কট, বিভক্তকরণ ও নিষেধাজ্ঞার প্রচারগুলোকে (বিডিএস) ‘ইহুদিবিরোধী’ হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরাইলবিরোধী প্রচারকে ক্যান্সারের সঙ্গে তুলনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দিয়েছেন। জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে রেখে পম্পেও বলেন, ইসরাইলবিরোধী বৈশ্বিক বিডিএস প্রচারকে ওয়াশিংটন ইহুদিবিরোধী হিসেবে বিবেচনা করবে। ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে ইসরাইলকে অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগের লক্ষ্যে পরিচালিত অহিংস প্রচার আন্দোলন হচ্ছে বিডিএস। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অহিংস আন্দোলনকে মডেল হিসেবে ধরে বিশ্বব্যাপী ইসরাইলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসা ও শিক্ষা এবং সাংস্কৃতিকভাবে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোকে বয়কট করতে এই প্রচার শুরু হয়েছিল। -আলজাজিরা
