সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় চর জব্বার থানার ওসিকে প্রত্যাহার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৯:২৮

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের দিন ওই এলাকায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার অভিযোগে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে চর জব্বার থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সাথে   তার স্থলে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন: দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট : পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ সুপার আরো জানান, গণধর্ষণের ঘটনার পর গত ২ জানুয়ারি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর সাথে কথা বলেন। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের চেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অধিক তৎপর ছিল।  এ ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে না পরায় ওসি নিজাম উদ্দিনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের এক গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার নারীর স্বামী সোমবার রাতে সুবর্ণচরের চরজব্বার থানায় এ মামলা করেন। তবে তারা আগে ভোট দেওয়া নিয়ে ঝামেলার কথা জানালেও মামলায় তা উল্লেখ নেই। মামলায় বলা হয়েছে ‘পূর্ববিরোধের’ কথা।

ইত্তেফাক/বিএএফ