প্রকৃতি প্রায়শই এমন সব বিস্ময়কর এবং চমকপ্রদ ঘটনার অবতারণা করে যা আমাদের প্রকৃতির রহস্যময়তাকে গভীরভাবে উপলব্ধি করায়। প্রকৃতির এমনই এক বিচিত্র খেয়াল নাগা ফায়ারবল। প্রতি বছর অক্টোবর মাসে পূর্ণিমার রাতে থাইল্যান্ড ও লাওসের ম্যাকং নদীতে তীব্র গতিতে বড় আকারের লাল বর্ণের গোলা আকাশের দিকে ছুটে যেতে দেখা যায়। আগুনের গোলাগুলির সংখ্যা ১০ থেকে ১০০০টিও হয়ে থাকে এবং তা সর্বোচ্চ ১০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। গবেষকরা অনেক চেষ্টা করেও এর রহস্য উদঘাটনে সক্ষম হননি। তবে বিজ্ঞানীরা ধারণা করেছেন, নদীর নিচের গ্যাসীয় প্রদাহ আগুনের ফুলকির আকারে বেরিয়ে আসে। প্রকৃতির এই খেলাকে স্বাগত জানায় স্থানীয় শত শত মানুষ এবং নদীর তীরে আয়োজন করা হয় ‘ফায়ানাক’ উত্সব। পুরাণে বলা হয়, নাগা দৈত্যাকৃতির একটি সাপ। স্থানীয় বাসিন্দারা মনে করেন—নাগা সাপ ম্যাকং নদীতে থাকে আর তারাই আগুনের ফুলকিগুলো নিক্ষেপ করে। ফায়ানাক হলো নাগা সাপেদের রাজা আর এইসব সাপ বুদ্ধের ভক্ত। নাগার ওপর ভর করে ম্যাকং নদী দিয়েই পৃথিবীতে প্রত্যাবর্তন করেছিলেন বুদ্ধ।
