দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২০:২৫

করোনা সংক্রমণরোধে মাস্ক না পরলে দিল্লিতে জরিমানা করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  মাস্ক না পরার জরিমানা দুই হাজার রুপি নির্ধারণ করে দিয়েছেন কেজরিওয়াল।  বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী এমন কড়া সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক না পরলে এর আগেও জরিমানার বিধান ছিল দিল্লিতে। তবে সেটা ছিল ৫০০ রুপি। এবার তা চারগুণ বাড়াল দিল্লির সরকার।

জরিমানার অংক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বুধবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার ৪৮৬ জন। ওই দিন ১৩১ জনের মৃত্যুও হয়েছিল, যা রেকর্ড।

আরও পড়ুন: জরুরি প্রয়োজনে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৯ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন।

২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৮৫ জন। করোনা এখন পর্যন্ত ভারতে এক লাখ ৩১ হাজার ৫৭৮ জনের প্রাণ কেড়েছে।

ইত্তেফাক/আরআই