রাজবাড়ীতে তিন কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৬

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে দুটি গ্রামীণ সড়কের তিন কিলোমিটার বিভিন্ন স্থানে ভেঙে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। উদয়পুর কাঁঠালতলা-বাবর আলীর ঘাট ও মোহাম্মদ কবিরাজ-মোতালেব মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তসহ অসংখ্য খানা-খন্দ। ফলে রাস্তা দিয়ে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তাছাড়া, গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না স্থানীয় একটি ইট-ভাটা কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কাঁঠালতলা ও বাবর আলী ঘাট ইটের সলিংয়ের রাস্তার পাশে স্থানীয় একটি ইটভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। প্রায় দুই কি. মি. সড়কটির বেশিরভাগ জায়গায় ইটভাটার ট্রাকের অনবরত যাতায়াতে মাটি দেবে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি, মোহাম্মদ আলী কবিরাজের দোকান হতে মোতালেব আলী মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় এক কি. মি. মাটির রাস্তা দিয়ে ট্রাকের যাতায়াতে গর্ত সৃষ্টি হয়ে তা চলাচলের  অনুপযোগী হয়ে পড়েছে। কাঁঠালতলা মোড়ের বাসিন্দা কৃষক শহিদ শিকদার, মো. রফিকুল শেখ বলেন, এই ছোট রাস্তা দিয়ে ইটভাটার ট্রাক অনবরত যাওয়ার কারণে রাস্তাটি স্থানে স্থানে ভেঙে দেবে গেছে। স্থানীয়দের রিকসা-ভ্যানেও যাতায়াত করতে ভোগান্তি  পোহাতে হচ্ছে। অপর দিকে বৃত্তিচর এলাকার কাঠ ব্যবসায়ী আব্দুল লতিফ মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ বলেন, ভাটার মাটি নেওয়ায় ট্রাক যাতায়াতের কারণে মাটির রাস্তাটির বেশিরভাগ জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই প্রচুর কাদা হয়। সনি ইটভাটার মালিক মো. মকিম খান বলেন, ইটভাটার ট্রাক যাতায়াতের কারণে রাস্তা ভেঙে গেলে দেড় লাখ টাকা দিয়ে মেরামতসহ কাজ করেছি, এখনো করে যাচ্ছি। বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান খান বাবু বলেন, রাজবাড়ী জেলা পরিষদ থেকে এলজিইডির রাস্তাটিতে ইটের সলিং কাজ আগে করে দেওয়া হয়। ইটভাটার ট্রাকের বিরামহীন যাতায়াতে সড়কটি অল্পদিনে নষ্ট হয়ে গেছে। এলজিইডির রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী মো. গোলাম রববানী বলেন, এলজিইডির নির্মিত গ্রামীণ সড়ক দুটি পরিদর্শন করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।