সখীপুরে মাছ ধরার উত্সব

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে শাইল-সিন্দুর খালে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন গ্রামের লোকজন একত্রিত হয়ে মাছ ধরার উত্সবে মেতে ওঠে। জানা যায়, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় উপজেলার বাঘেরবাড়ি, হামিদপুর, ইন্দারজানিসহ আশপাশের গ্রামের প্রবীণ ব্যক্তিরা শলা-পরামর্শ করে মাছ ধরার উত্সবের দিন-তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে পলো, জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে শতশত লোক নির্ধারিত খালে হাজির হয়। ঐ মাছ ধরা উত্সবে অনেকেই বোয়াল, শোল, বাইম, সরপুঁটিসহ দেশীয় নানা প্রজাতির মাছ ধরেছে। উত্সবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরে অনেকে।

এ বিষয়ে হামিদপুর গ্রামের বাহার উদ্দিন বলেন, পলো দিয়ে আমি একটি বোয়াল ধরেছি। এটা আমাদের জন্য একটি উত্সব। কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম জানান, প্রতি বছর ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উত্সব উদ্যাপিত হয়। এলাকাবাসী এটি আনন্দ উত্সব হিসেবে গ্রহণ করেছে।