কাপ্তাই লেকে পরিযায়ী পাখির দল

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৭

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই লেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পরিযায়ী পাখির দল। জনমানবের সাড়া না থাকায় এসব পাখি সাচ্ছন্দ্যে বিচরণ করছে লেকে। তবে হঠাত্ উচ্চ শব্দে পাখির দল মুহূর্তে আকাশে উড়াল দেয়। খানিক পরে আবার নিচে নেমে আসে। লেকের যে প্রান্তে মানুষের বসতি কম সেখানে বিচরণ বেশি এসব পাখির। লেকের ভিতরে জেগে উঠা চরে পাখির দল ঘুরে বেড়ায় আর পানিতে ভেসে বেড়ানো মাছ-পোকামাকড় ধরে খায়। কাপ্তাই লেকের মত্স্যজীবী রুস্তম আলী জানান, নভেম্বর মাসের শুরুতে এসব পাখির দেখা মেলে। ফেব্রুয়ারি পর্যন্ত পাখিরা লেকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। লেকের নানিয়ারচর, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, সুভলং ইত্যাদি কম জনবসতির এলাকায় পরিযায়ী পাখি বেশি দেখা যায়। লেকের নীরব এলাকায় পাখিরা নিরাপদে অবস্থান করতে পারছে।