চালু হচ্ছে সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরি সার্ভিস

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৮

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সম্ভাব্যতা যাচাই ও নৌরুট সার্ভে। যমুনার পশ্চিম পাড় বগুড়ার সারিয়াকান্দি ঘাট ও পূর্ব পাড় জামালপুরের মাদারগঞ্জ ঘাটে যমুনা নদীতে পন্টুন স্থাপন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় ঐ দুই জেলার বাসিন্দাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস চালু হলে সহজে এবং স্বল্প সময়ে নদী পারাপার সম্ভব হবে। বর্তমানে বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে জামালপুর, শেরপুর যেতে সময় লাগে তিন/চার ঘণ্টা। কিন্তু এ সার্ভিস চালু হলে সরাসরি ৭০ কিলোমিটার দূরত্ব কমে যাবে এবং সময় সাশ্রয় হবে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে উত্তরের কয়েকটি জেলার যানবাহন বিকল্প হিসেবে এই রুট ব্যবহার করতে পারবে।

এ ব্যাপারে এমপি সাহাদারা মান্নান বলেন, এ ফেরি সার্ভিস চালু হলে এ অঞ্চলের অর্থনীতি গতিশীল হবে। এমপি মির্জা আজম বলেন, এ এলাকার মানুষ যুগ যুগ ধরে যমুনা পারাপারে নানা দুর্ভোগের শিকার হয়েছে। ফেরি চালু হলে সে দুর্ভোগের অবসান হবে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক ইত্তেফাককে বলেন, আমরা ইতিমধ্যে সার্ভে এবং সমীক্ষা সম্পন্ন করেছি। বিআইডব্লিউটিসির সঙ্গে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব ফেরি সার্ভিস চালু করা হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ‘১৩ বছরেও চালু হয়নি সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস’ শিরোনামে একটি রিপোর্ট ইত্তেফাকে প্রকাশিত হয়।