সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৯

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আহত হয়েছেন পাঁচ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নওগাঁ :পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এবং সদরের ডাক্তারের মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন—কুড়িগ্রামের দীনেশ চন্দ্র বর্মণ (৩৮), দীনেশ বর্মণ (৩৬) ও নওগাঁর আরিফা বেগম (৫৫)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খড়বোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু হয়।

পটিয়া (চট্টগ্রাম) :উপজেলায় পিকআপ ভ্যান চাপায় সোহানুর রহমান সোহান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জলুয়ারদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।