সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন দৌড়ে ব্যস্ত

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২১

পাইকগাছা পৌরসভা নির্বাচন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা পৌরসভার নির্বাচন নিয়ে মনোনয়ন দৌড়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে পাইকগাছা পৌরসভার নির্বাচন। সে অনুযায়ী চলতি মাসের যে কোনো দিন হতে পারে নির্বাচনি তপশিল। আওয়ামী লীগের সম্ভাব্য তিন নেতা রয়েছেন মনোনয়ন দৌড়ে। আওয়ামী লীগের তিন নেতার মধ্যে আছেন পর পর দুই বারের মেয়র মো. সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য ও দুই বারের সাবেক পৌর কাউন্সিলর শেখ কামরুল হাসান টিপু এবং শেখ আনিসুর রহমান মুক্ত। চলছে জল্পনাকল্পনা কার হাতে উঠছে সেই নৌকার হাল তা নিয়ে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, আমি আশাবাদী দল আবারও আমাকে মূল্যায়ন করবে। অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার সুযোগ পাব বলে আমি বিশ্বাস করি। শেখ কামরুল হাসান টিপু বলেন, দলীয় মনোনয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। দল এবার আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। শেখ আনিছুর রহমান মুক্ত বলেন, তিন বার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি মনে করি, দল এবার আমাকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দিয়ে মেয়র পদে নির্বাচন করার সুযোগ দেবে। এদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপির একক প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিএনপির এই নেতা বলেন, স্বচ্ছ ভোট হলে আওয়ামী লীগের কোনো নেতা আমার সঙ্গে ভোটযুদ্ধে পারবে না।