ভবানীগঞ্জ বাজার
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
সরু রাস্তার কারণে ভবানীগঞ্জ পৌরসভার বাজাররোডে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। অন্যদিকে বাজারের ব্যবসায়ীরা রাস্তার ওপর ট্রাক-পিকআপ দাঁড় করিয়ে রেখে মালামাল ওঠানামা করায় যানজটের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছায়। সম্প্রতি এই বাজারের রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়ে আবার তা বন্ধ হয়ে গেছে। ফলে অসমাপ্ত রাস্তায় যানজটের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, এসব দুর্ভোগ কমাতে বাজারের রাস্তা আংশিক ভেঙে প্রশস্ত করা হয়েছে। তাদের মতে এই প্রশস্তকরণে কাজ হবে না। যানজট কমাতে রাস্তার উভয় পাশ ভেঙে আরো প্রশস্তকরণ করতে হবে। সে সঙ্গে ফুটপাথের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, পর্যায়ক্রমে রাস্তা আরো প্রশস্ত করা হবে। আমরা কাজ শুরু করেছি। আরো বরাদ্দের জন্য আবেদন করেছি। পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, ভবানীগঞ্জ বাজারের রাস্তা প্রশস্ত ও ড্রেনেজব্যবস্থা নির্মাণসহ আধুনিকীকরণ করা হবে। নির্বাচনের আগেই এসব কাজ শেষ করা হবে।
