সদরপুরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ৩

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২১

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামে অ্যাসিড নিক্ষেপ ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার রাতে তিন জনকে আটক করেছে পুলিশ। এর আগে ঐ দিন রাতে আহত গোপাল দাসের কাকা পরিমল চন্দ্র দাস বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হল লক্ষণ কর্মকার (৩৫), দেবাশীস কর্মকার (২২) ও রিতা কর্মকার (৪০)। সদরপুর থানার ওসি এস এম তুহিন আলী বলেন, মামলার পর অ্যাসিড নিক্ষেপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি দুই আসামি পুলিশের নজরদারিতে আছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চর ব্রাহ্মন্দী গ্রামের গোপাল দাসের সঙ্গে প্রতিবেশী সুশান্ত কর্মকারের পরিবারের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গোপাল দাসের পরিবারের ওপর অ্যাডিস নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়।