সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২৪

কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানবীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে শুক্রবার ২০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে হাইব্রিড জাতের ধানবীজ বিতরণ করা হয়েছে। বোরো মৌসুমকে সামনে রেখে হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধান বিষয়ে মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠানের মাধ্যমে এই বীজ বিতরণ করা হয়। উপজেলার রাতোয়াল বাজার প্রাঙ্গণে কৃষিভিত্তিক কোম্পানি বায়ারের নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ রওশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়ারের রাজশাহী রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সনজিত্ চন্দ্র সরকার।

দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের উদ্যোগে চাটমোহরে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জে এম আর হাইস্কুল মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের সভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি, র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক বিপিএম, পিপিএম (বার)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সামসুদ্দিন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার প্রমুখ।

বিনা মূল্যের ৩৪তম চক্ষু শিবির

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ অলদীনি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বিনা মূল্যে ৩৪তম চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সাল থেকে দেবীগঞ্জের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। উপজেলা পরিষদ ও দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালে আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান ক্যাম্পের উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।

ধানমাড়াই মেশিন বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি স্বল্প শ্রমিক ও কম খরচে কৃষকের উত্পাদিত ধান মাড়াইয়ের জন্য লালমনিরহাটে বিনা মূল্যে ধানমাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেশিন বিতরণ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীনে বিতরণ একটি মেশিন দিয়ে ঘণ্টায় এক একর জমির ধানমাড়াই করতে পারবেন এই সুবিধাভোগী কৃষকরা। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ প্রমুখ।

কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা মানিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সদস্যরা। মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের উপ-যুব প্রধান থোয়াইপ্রু মারমা জানান, ১৮ নভেম্বর ইউনিটের অর্ধশত পরিবারের মধ্যে ফুট প্যাকেজ বিতরণ করার অংশে যারা নির্ধারিত স্থানে আসতে পারেননি তাদের প্রাপ্য খাদ্যসামগ্রী বাড়িতে গিয়ে দিয়ে এসেছি।