ইরফানের দীর্ঘমেয়াদি লক্ষ্য

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হলেও বড় মঞ্চে জ্বলে উঠতে পারছিলেন না ইরফান শুক্কুর। সর্বশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হয়েছেন ২১৪ রান করে। ২১৯ রান করে তার ওপরে ছিলেন শুধু মুশফিকুর রহিম। ব্যাট হাতে ফরচুন বরিশালের হয়ে একই ফর্ম ইরফান ধরে রাখতে চান আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপেও। বাঁহাতি এই ব্যাটসম্যান জাতীয় দল নিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যই ঠিক করেছেন। সুযোগ পেলে লম্বা সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

বিসিবি প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স থেকে প্রেরণা, আত্মবিশ্বাস খুঁজছেন ইরফান। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সটা আমাকে স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দেবে সামনের টুর্নামেন্টে খেলার। আমি চেষ্টা করব এই টুর্নামেন্টটা ঐ ফর্মটা চালিয়ে নেওয়ার। যতটুকু পারি দলে শতভাগ অবদান রাখার চেষ্টা করব।’

ইরফানের মতে, বরিশালের দলটা ভারসাম্যপূর্ণ। ফাইনালে খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার আশাই করছেন তিনি। ২৭ বছর বয়সি এই ক্রিকেটার জাতীয় দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন। বাংলাদেশ দলে খেলতে চান দীর্ঘদিন। গতকাল ইরফান বলেছেন, ‘সব ক্রিকেটারেরই লং টাইম গোল থাকে ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলা। এখন শুধু আমার প্ল্যান হচ্ছে—সামনের টি-২০ কাপে ফোকাস করা। ধাপে ধাপে আগানো। আমার হাতে আছে আমার হার্ড ওয়ার্ক আর আমার পারফরম্যান্স। সামনে যদি কোনো সুযোগ আসে সেটা আমি টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি।’