কাতারে ম্যানেজার ও ফিজিও করোনা পজিটিভ

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩২

জিম সেশন বাতিল

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় নেপালের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলার বাংলাদেশ দলের কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হলেন। ফুটবল দল কাতার যাওয়ার আগের দিন মঞ্জুরুর রহমান মানিকের করোনা শনাক্ত হয়। যেতে পারলেন না তিনিও। কাতারে যাওয়ার পর সেখানে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ যারা রয়েছেন সবার করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে দুই জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলে ম্যানেজার আমের খান এবং ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার। কাতার হতে বাফুফে জানিয়েছে শনাক্ত এই দুই জনের কারোই কোনো উপসর্গ ছিল না। খুবই স্বাভাবিক অবস্থায় ছিলেন।

যারা করোনা শনাক্ত হননি তারা কোয়ারেন্টাইনে থাকবেন তিন দিন। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এটা বাধ্যতামূলক করেছে। কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ৪ ডিসেম্বর। সেই ম্যাচ খেলতে পরশু বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ে ফুটবল দল। কাতারের নিয়ম অনুযায়ী তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন কোয়ারেন্টাইনের জন্য প্রত্যেক ফুটবলারকে একটি করে রুম দেওয়া হয়েছে। কেউ কারো রুমে প্রবেশ করতে পারবেন না। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাংলাদেশ ফুটবল দলের দুই জনের করোনা শনাক্ত হওয়ায় পূর্ব নির্ধারিত জিম সেশন বাতিল করা হয়েছে। রবিবার পুনরায় সবার কোভিড-১৯ টেস্ট করানো হবে। সবাই নেগেটিভ হলে জিম এবং সুইমিংয়ে যাবেন খেলোয়াড়রা। অনুশীলনে নামার প্রস্তুতি নিয়ে ফেলবে ফুটবল দল।

অধিনায়ক জামাল ভুঁইয়া নিজের রুম হতে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন দুই জনের করোনা শনাক্ত হলেও তারা এখন ভালো আছেন। জামাল বললেন, ‘আমরা মানসিকভাবে ফিট আছি। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে আমরা অনুশীলনে নামব।’ বাংলাদেশ দলের সহকারী কোচ ইংলিশ স্টুয়ার্ট পল ওয়াটকিস বললেন, ‘দুই জন পজিটিভ শনাক্ত হওয়ার পর আমরা আগামীকাল (আজ) আবার নমুনা দেব। সবকিছু ঠিকঠাক থাকলে মাঠে আমাদের পরিকল্পনা অনুযায়ী অনুশীলনে নেমে পড়ব।’

কাতারের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দল ২৫ এবং ১৮ নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গত এক মাসে তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তবে তারা এক ম্যাচও জিততে পারেনি। গত ১২ অক্টোবর তুরস্ক গিয়ে আফ্রিকার দেশ ঘানার বিরুদ্ধে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। ১৩ ও ১৭ নভেম্বর অস্ট্রিয়ায় কাতার দুটি ম্যাচ খেলেছে কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।