স্পোর্টস ডেস্ক
করোনাসৃষ্ট স্থবিরতা শেষে ফুটবল মাঠে ফেরার পর থেকেই চলছে অবিরাম গতিতে। যাতে বাড়ছে খেলোয়াড়দের চোটের শঙ্কাও। সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে লিভারপুলের। চোট আর করোনা ভাইরাস মিলিয়ে মাঠের বাইরে চলে গেছেন ১৪ জন ফুটবলার! এরপরও মগজ থেকে শিরোপার ভাবনা সরাতেই পারছেন না কোচ য়ুর্গেন ক্লপ।
চোটের কারণে ভার্জিল ফন ডাইককে বড় সময়ের জন্যই হারিয়েছে লিভারপুল। ডাইকের রক্ষণসঙ্গী জো গোমেজও মাঠের বাইরে। সদ্যসমাপ্ত আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ছিটকে গেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসনও।
একই সমস্যায় কমবেশি সব দলই পড়ছে। ফলে শিরোপার লড়াইটাও আরো কঠিন হওয়ার আঁচই করছেন ক্লপ, ‘চলতি মৌসুমেও কেউ ১০০ পয়েন্ট অর্জন করবে? চার সপ্তাহ কম সময়ে? একই সংখ্যক ম্যাচ খেলে? আমার মনে হয় না এটা সম্ভব! এমনকি ৮৭ পয়েন্টও অনেক দূরের মনে হচ্ছে।’
চোট বিষয়ে ক্লপ এমনিতে কিছুটা উদারনীতিবাদী হলেও এভারটনের বিপক্ষে ভার্জিল ফন ডাইকের পাওয়া চোট নিয়ে কিছুটা ক্ষোভই ঝরে পড়ল জার্মান কোচের কণ্ঠে, ‘ফন ডাইকের ক্ষেত্রে এটা খেলার তীব্রতার কারণে হয়নি। এটা ঘটেছিল একজন মানুষের (এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড) অদ্ভুত সিদ্ধান্তের কারণে, যা সয়ে যাওয়াটা কঠিন ছিল।’ সে ম্যাচে পিকফোর্ডের এক কড়া ট্যাকলের শিকার হয়েই বড় সময়ের চোটে পড়েন ডাইক।
৩০ বছর পর গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিতে অল রেডরা। তবে চলতি মৌসুমে এত বাধা পেরিয়েও লিভারপুল শিরোপা জিতলে সেটা ছাপিয়ে যাবে গত মৌসুমের সাফল্যকেও, অভিমত ক্লপের। অল রেড কোচ বলেন, ‘যদি আমরা এ বছর জিতি, তাহলে এটা অনেক বড় অর্জনই হবে। সম্ভবত আগের চেয়েও বড়। এ কারণেই আমি প্রিমিয়ার লিগকে ভালোবাসি। অনেক বেশি শিরোপাপ্রত্যাশী।’
