সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং সোনা হাতছাড়া বাকির

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশ দুটি পদক জয় করেছে। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টে শুটার রবিউল ইসলাম (২৪৭.৭) রুপা এবং আবদুল্লাহ হেল বাকি (২২৬.৯) ব্রোঞ্জ পদক জয় করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন ইন্দোনেশিয়ার রাদিত্য প্রাদানা (২৪৮.৭)। এই ইভেন্টে রাব্বি হাসান মুন্না (২০৪.৯) চতুর্থ ও রিসালাতুল ইসলাম (১৬২.৩) ষষ্ঠ হন।

১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ চতুর্থ হন (১৯৭.৯) এবং মিশরের ইয়াহিয়া ইয়াহিয়া শামস (২৪১.৬) স্বর্ণপদক তুলে নিয়েছেন, ভিয়েতনামের ফান ঝুয়ান চুয়েন ২৩৯.২ স্কোরে রুপা ও স্বাগতিক সিঙ্গাপুরের গাই বিন ২১৭.৭ স্কোরে ব্রোঞ্জপদক জেতেন। সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিশর, অস্ট্রেলিয়া, কোরিয়া ও স্বাগতিক সিঙ্গাপুরের শুটাররা অংশ নেন। চারটি ইভেন্টে লড়াই হয়। বাংলাদেশ থেকে ১০জন শুটার তিনটি ইভেন্টে অংশ নেন। এরমধ্যে ১০মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে চার জন শুটার ফাইনালে কোয়ালিফাই করেন এবং দুই জন পদক জেতেন। এর আগে ঢাকায় অনুষ্ঠিত শেখ রাসেল অনলাইন শুটিংয়ে বাকি ব্রোঞ্জপদক জেতেন। এছাড়া করোনাকালে ইন্দোনেশিয়া কর্তৃক অনুষ্ঠিত অনলাইন শুটিংয়েও ব্রোঞ্জপদক জিতেছিলেন দেশসেরা এই রাইফেল শুটার। ব্রোঞ্জ জিতলেও হতাশ আবদুল্লাহ হেল বাকি। সোনা জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। গতকাল সকালে শুটিং রেঞ্জে দাঁড়ানোর পর থেকেই স্বর্ণপদক জয়ের পথেই ছিলেন। ১৮ ও ১৯ তম শটেও স্বর্ণপদক জয়ের কাছাকাছি ছিলেন। কিন্তু এর পরেই একটি বাজে শটে ছিটকে যান বাকি।