স্পোর্টস ডেস্ক
ইংলিশ শিশুদের বিনা মূল্যে দুপুরের খাবার নিশ্চিত করতে যে লড়াই শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড, সেখানে সফলতা মিলেছে সম্প্র্রতি। এবার শিশুদের জন্যে নতুন উদ্যোগ নিয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড, খুলেছেন শিশুতোষ বইয়ের একটি ক্লাব।
পাঁচ থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্যে আরো বেশি বই পড়ার প্রবণতা সৃষ্টির জন্যেই তার নতুন এই উদ্যোগ। ‘মার্কাস র্যাশফোর্ড বুক ক্লাব’-এর সঙ্গে সার্বিক সহযোগিতায় থাকবে ম্যাকমিলান চিল্ড্রেন্স বুক।
ইংলিশ ফরোয়ার্ড এ উদ্যোগের পেছনে উদ্দেশ সম্পর্কে বলেন, ‘আমি মোটে ১৭ বছর বয়সে পড়া শুরু করেছিলাম, আর এটা আমার মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। আমার মনে হতো শিশুকালে যদি আরো বেশি বই পড়ার সুযোগ পেতাম! কিন্তু বই আমাদের পরিবারের বাজেটের বাইরে ছিল, বিশেষত তখন যখন আমাদের টেবিলে খাবার আনাটাই বেশি প্রয়োজনীয় ছিল।’
তিনি আরো যোগ করেন, ‘বইয়ের মাধ্যমে বাস্তবতাকে দূরে রাখার যে ব্যাপারটা, সেটা আমাকে সত্যিই সাহায্য করেছে। এই সুযোগটা সব শিশুদের জন্যে চাই আমি, কেবলমাত্র যাদের সামর্থ্য আছে তাদের জন্যেই নয়।’
ইংল্যান্ডে প্রায় ৪ লাখ শিশু বই কেনার ও পড়ার সামর্থ্যহীন। যার ফলে বই পড়ার অভ্যেসটা সুবিধাবঞ্চিত ইংলিশ শিশুদের মধ্যে খুবই কম। র্যাশফোর্ড পরিবর্তন করতে চান এই দৃশ্যটাই, ‘আমার এখানে বইগুলো সব শিশুদের জন্যে সবসময় খোলা থাকবে। যদি প্রয়োজন হয়, তবে আমি নিজেই তাদের কাছে বই পৌঁছে দেব।’
