আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস ডেস্ক
করোনা-পরিস্থিতির কারণে নির্ধারিত অনেক সিরিজই বাতিল হয়ে গেছে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ে শেষ করাটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। চলতি আসর নির্ধারিত সময়ে শেষ করতে আইসিসি ফাইনালিস্ট নির্ধারণ করবে নতুন নিয়মে। যেখানে পয়েন্ট নয়, সম্ভাব্য পয়েন্টের শতকরা হার বিচারে দুই দল খেলবে ফাইনাল।
প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপ আসরে দলপ্রতি ছয়টি করে সিরিজ খেলার কথা, যার পয়েন্ট বিচারে দুই দল খেলার কথা ছিল ফাইনালে। কিন্তু করোনা-পরিস্থিতিতে একের পর এক সিরিজ স্থগিত হতে থাকে, যা কবে খেলা হবে আবার সে নিশ্চয়তাও নেই আদৌ। এরপরও আগামী জুলাই মাসেই ফাইনাল আয়োজনে বদ্ধপরিকর।
এ সময়ে এতো সিরিজ আয়োজন সম্ভব নয় বলেই নতুন নিয়মের শরণাপন্ন হয় আইসিসি। নতুন নিয়মে সম্ভাব্য পয়েন্টের শতকরা হার বিচারে নির্ধারিত হবে ফাইনালিস্ট। যে হিসেবে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তিনটি সিরিজ থেকে সম্ভাব্য পয়েন্টের ৮২.২২ শতাংশ অর্জন করেছে অজিরা। দুইয়ে থাকা ভারত চার সিরিজ থেকে জিতেছে ৭৫ শতাংশ পয়েন্ট। ভারতের সমান সিরিজ খেলে ৬০.৮৩ শতাংশ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড আছে এর পরের অবস্থানে। তালিকায় বাংলাদেশ আছে সবার নিচে, তিন সিরিজ থেকে একটি পয়েন্টও জিততে পারেনি দলটি। তবে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির বিবেচনায় আরো একটি বিকল্প ছিল। স্থগিত সিরিজগুলোর পয়েন্ট দুই দলকেই ভাগ করে দেওয়ার ভাবনা ছিল সেখানে। পরে সেটি অবশ্য বাতিল হয়ে যায়। নিয়ম পরিবর্তনের ফলে অবশ্য ফাইনালের দৌড়ে থাকা শীর্ষ দলগুলোর সম্ভাবনায় খুব বেশি পরিবর্তন আসছে না। তবে অনেক বেশি সিরিজ স্থগিত হয়ে যাওয়া দলগুলোর সামনে সুযোগ থাকছে নিজেদের পয়েন্ট জয়ের হার বাড়িয়ে নেওয়ার।
