দুই মাস সূর্যালোকের দেখা মিলবে না উতকিয়াকভিকে

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩৭

সিএনএন

এ বছরের মতো শেষবার সূর্যের দেখা পেল যুক্তরাষ্ট্রের আলাস্কার উতকিয়াকভিকের বাসিন্দারা। এরপর আবার দুই মাস পর সূর্যালোকের দেখা পাবেন তারা।

উত্তর আর্কটিক বৃত্তে অবস্থিত এই অঞ্চলটি বার্ষিক অন্ধকারাচ্ছন্নতার সময়ে প্রবেশ করেছে, যাকে মেরুরাত বলেও ডাকা হয়। আবহাওয়াবিদ অ্যালিসন চিনচার বলেন, ‘আর্কটিক বৃত্তে অবস্থিত যে কোনো অঞ্চলের জন্য মেরুরাত খুবই স্বাভাবিক একটি ঘটনা। প্রতি বছর শীত এলেই বেশকিছু দিনের জন্য এ রকম অন্ধকারেই থাকে এই অঞ্চলগুলো।’

শীতকালে পৃথিবী তার অক্ষ বরাবর কিছুটা হেলে পড়ে। আর এ কারণে শীতকালের দুই মাস পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে না। তবে তার মানে এই নয় যে এই দুই মাস একেবারেই অন্ধকারে থাকবে উতকিয়াকভিকে। বরং সিভিল টোয়াইলাইট নামে আলো-আঁধারি মাখা গোধূলির দেখাও পাবেন তারা। সূর্যাস্তের আগে আকাশে যে রকম দেখা যায়, অনেকটা তাই। শুধু আলাস্কার এই শহরই নয়, উত্তর গোলার্ধের আরো কয়েকটি অঞ্চলে এমন ঘটনা ঘটে। তবে শুরু হয় এখান থেকেই। আর মজার ব্যাপার হলো, শীতকালে যেমন টানা দুই মাস রাত থাকে, গরমকালেও ঠিক একই রকম দুই মাসের জন্য টানা দিন থাকে এখানে। আর এই পরিস্থিতিকে বলা হয় মিডনাইট সান বা পোলার ডে।