ঘিওরে শুঁটকি পল্লিতে ব্যস্ততা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩৮

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে নাটুয়াবাড়ী বিলে শুঁটকি তৈরিতে ব্যস্ত ব্যবসায়ীরা। শুঁটকি মৌসুমে জেলার বাইরে থেকে অর্ধশত মাছ ব্যবসায়ী মানিকগঞ্জে আসেন। প্রতি বছরের মতো এবারও এসেছেন শুঁটকি উত্পাদন করতে। বিলে থাকা বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে শুঁটকি বানানো হয়। শুঁটকি তৈরির চালার পাশেই রয়েছে স্থানীয় জেলেদের মাছ ধরার সোঁতি জাল। তারা বোয়াল, শোল, টাকি, বাটা, আইরকাটা, টেংরা, পাবদা, পুঁটি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে। আর এই মাছ ক্রয় করেই শুঁটকি তৈরি করেন ব্যবসায়ীরা। পাবনা থেকে আসা শুঁটকি ব্যবসায়ী নান্নু মণ্ডল জানান, অল্প পুঁজিতে এই ব্যবসায় লাভ বেশ ভালো। এছাড়া এখানকার দেশীয় মাছের শুঁটকির চাহিদা রয়েছে দেশ-বিদেশে।