রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় গৃহবধূসহ আহত ৩

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:০৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় গৃহবধূসহ তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে গৃহবধূর বসতভিটা ও জমি আত্মসাত্ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে চিহ্নিত ঐ মহলটি গৃহবধূ রাহিমা খাতুনকে হত্যা ও তার মেয়েকে শ্লীলতাহানির হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পাঁচ/ছয় সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে সোয়া লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলায় রাহিমা বেগম (৪৪), তার মেয়ে মিতু আক্তার (৩৫) ও ছেলে আজিজুল হক জুয়েল (২৮) আহত হন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাহিমা আক্তার বাদী হয়ে চার জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।