ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শারমিন আক্তার নামে এক গৃহবধূ। গতকাল বেলা ১২টার দিকে যাত্রাবাড়ীর দোলাইরপাড় কবরস্থান রোডের ২০৫ নম্বর বাসার তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে মানসিক কষ্টে এ ঘটনা ঘটিয়েছেন শারমিন আক্তার।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, শারমিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।
দগ্ধ শারমিনের খালাতো বোন আফরোজা আক্তার জানান, ২০১৭ সালে পিকআপ ভ্যানচালক রমজান আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর যাত্রাবাড়ী কুতুবখালীতে স্বামীর বাসায় থাকতেন শারমিন। গত বছর তাদের একটি বাচ্চা হলেও জন্মের চার দিন পর বাচ্চাটি মারা যায়। তার স্বামী রমজান মাদকাসক্ত। স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে কয়েক মাস ধরে শারমিন দোলাইরপাড়ে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। আফরোজা আক্তার আরো জানান, সাংসারিক কারণে শারমিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই কারণেই বাবা-মা বাসায় না থাকার সুযোগে কেরোসিন দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।
