বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও একজন আদর্শবান শিক্ষক বড় হুজুর হজরত মাওলানা
শফিকুল ইসলাম ত্রিশালী (৬০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার ভোররাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বাইমহাটি পালপাড়া এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক এবং মির্জাপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। স্বাধীনতার পর থেকেই পরিবারপরিজন নিয়ে মির্জাপুরে তার বসবাস। তাকে ময়মনসিংহের ত্রিশালে নিজ বাড়িতে বাদ জুমা জানাজা শেষে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা রেখে গেছেন। এই ইসলামি চিন্তাবিদের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
