রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় গতকাল শুক্রবার তাদের দুই জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
এই মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা আসামি ফাতেমা খাতুনের চার দিনের ও ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয়।
মামলার অন্য আসামিদের মধ্যে ফার্মাসিস্ট তানভীর হাসান, মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, ওয়ার্ড বয় সজীব চৌধুরী, তানিফ মোল্লা, অসীম চন্দ্র পাল ও কিচেন সেফ মাসুদ খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর হাসপাতালের সমন্বয়ক রেদোয়ান সাব্বির, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, লিটন আহাম্মদ ও সাইফুল ইসলাম পলাশকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গত ১০ নভেম্বর এই ১০ জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলায় গ্রেফতার হওয়া মাইন্ড এইডের আরেক পরিচালক নিয়াজ মোর্শেদ বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। মামলার এজাহারভুক্ত আসামি সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন এখনো পলাতক।
