নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী একটি লঞ্চে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ নামের লঞ্চটি রাত আনুমানিক পৌনে ১১টার দিকে গজারিয়ার মেঘনা নদীর ষাটনল এলাকায় আসার পর ডাকাতির কবলে পড়ে। এ সময় মাঝ নদীতে ডাকাত দল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ৫ শতাধিক যাত্রীর নগদ টাকা, স্বর্ণ, মোবাইলসহ সর্বস্ব লুট করে নেয়। এ সময় ডাকাত দলের হামলায় কয়েক জন যাত্রী আহত হন।
জানা যায়, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভিড়ে। গজারিয়া ঘাটে ভিড়ার ১০ মিনিট পূর্বে স্পিড বোটে করে একজন লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট ছাড়ার বেশ কিছুক্ষণ পরেই দুটি স্পিড বোটে করে ১০/১২ জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালংকার, যাত্রীদের সঙ্গে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। যা অর্ধকোটি টাকার ওপরে হতে পারে বলে যাত্রীদের অনেকেই জানান। এভাবে ৩০ মিনিটের অধিক সময় ডাকাতি শেষে যাত্রীরা চিত্কার শুরু করলে ফাঁকা গুলি ছুড়ে লঞ্চ থেকে নেমে আবারও স্পিড বোটে করে চলে যায় ডাকাত দল ।
বৃহস্পতিবার রাত বিধায় এই লঞ্চে চাকরিজীবীসহ অতিরিক্ত যাত্রী ছিল বলে জানান লঞ্চের সুকানি সবুজ মিয়া। লঞ্চের নিচতলায়, কেবিন, করিডোর এমনকি ছাদের ওপরেও অনেক যাত্রী ছিল। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন জানান, ডাকাত দলকে ধরতে ব্যাপক অভিযান চলছে।
