ভারতের কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে গ্রেফতারকৃত মাহাবুবর রহমানকে (৩৩) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৫ নভেম্বর মাহাবুবরকে গ্রেফতার করে পুলিশ। মাহাবুবরের বাবা আতিকুর রহমান খুলনা মহানগরীর বকশিপাড়া রোডের একটি বাসায় ভাড়া থাকেন। মাহাবুবরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
নায়িকা শ্রাবন্তী তাকে ফোনে উত্ত্যক্ত করার বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাধে শ্যাম সরকার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, অভিযুক্ত মাহাবুবর রহমান চিত্রনায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ঐ নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজ পাঠাতেন মাহাবুব। ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর মেসেজ দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
