এবার মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের অফিস ভাঙচুর

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:১৭

মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিনের ওপর হামলার পর এবার তার অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় দুর্বৃত্তরা মিরসরাই পৌরসদরের সাদেকুর রহমান প্রিন্সিপাল ভবনের নিচতলায় অবস্থিত গিয়াস উদ্দিনের অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটায়।

এর আগে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা উপজেলার নিজামপুর এলাকায় সাবেক ছাত্র নেতা আবদুল আউয়াল তুহিনের বাড়ি ভাঙচুর ও দুটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। তুহিনের ওপর হামলার ঘটনায় সকাল সাড়ে ৭টায় গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তার ওপর হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, নিজামপুর কলেজ এলাকায় বৃহস্পতিবারের ঘটনায় মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।