ওয়েব সেনসেশন এবার রুপালি পর্দায়

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

শ্রেয়া ধনন্ত্বরি। বলিউডে আরও এক নতুন মুখ। এ সপ্তাহে রুপালি পর্দায় তার আবির্ভাব ঘটছে। সামাজিক-কমেডি ধাঁচের হিন্দি সিনেমা ‘হোয়াই চিট ইন্ডিয়া’র নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হচ্ছে তার।

এদিকে অনেকদিন পর ইমরান হাশমি অভিনীত নতুন কোনো সিনেমা দর্শকদের সামনে আসছে। শিক্ষাব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, নৈতিকতার অবক্ষয় ইত্যাদি তুলে ধরা হয়েছে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমায়। ইমরান হাশমি একসময় যে ধরনের সিনেমায় অভিনয় করে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন এবার ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সেগুলোর চেয়ে সম্পূর্ণ অন্যরকম। সামাজিক রাজনৈতিক বাস্তবতার আলোকে সিনেমাটির গল্প-চিত্রনাট্য সাজানো হয়েছে। ইমরান হাশমির নতুন এই সিনেমায় তার বিপরীতে নতুন একজন নায়িকা অভিনয় করেছেন। স্বাভাবিকভাবে নতুন এই নায়িকা সম্পর্কে সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আর এই নতুন নায়িকা হলেন শ্রেয়া। শ্রেয়াকে বলিউডি এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেতে রীতিমতো কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়েছিল। পঞ্চাশ জন মেয়ের মধ্য থেকে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমার নায়িকা নির্বাচন করা হয় শ্রেয়া ধন্বন্তরিকে। যদিও এর আগে ২০১০ সালে তেলেগু সিনেমা ‘স্নেহা নিথাম’-এ অভিনয় করেছেন ৩০ বছর বয়সী এই মডেল কাম অভিনেত্রী। দর্শক তাকে মডেল হিসেবে অনেক প্রেস্টিজিয়াস অ্যাডে দেখেছেন এর মধ্যে। স্যামসাং, ফাস্টট্র্যাক, এয়ারটেল, প্যান্টালুনস, সাফি, প্রোভোগ, ভোগ, আইওয়্যার, গীতািঞ্জলি, ডি’ডামাস, লির্বাটি ফুটওয়্যার, ভারত মেটরিমনির জনপ্রিয় অ্যাডে মডেল হিসেবে শ্রেয়ার আকর্ষণীয় পর্দা উপস্থিতি সবার নজর কেড়েছে অনেক আগেই।

এক মধ্যবিত্ত তেলেগু পরিবারের মেয়ে শ্রেয়ার পারিবারিক ডাক নাম রিয়া। হায়দ্রাবাদে জন্ম হলেও তার শৈশব-কৈশোরের বেশ অনেকটা সময় কেটেছে মধ্যপ্রাচ্যের সাতটি দেশে। শ্রেয়ার বাবা এয়ারলাইন্সের চাকরি করতেন তখন, যার সুবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে হয়েছে। চার বছর বয়স থেকে শ্রেয়ার আগ্রহ অভিনয়কে ঘিরে। শুরু থেকে যদিও মঞ্চনাটক, ভারতনাট্যম, কত্থক, কুচিপুরি নাচের তালিম নেওয়া শুরু করেছিলেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৭ বছর কাটিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ভারত ফেরেন শ্রেয়া পরিবারসহ। দিল্লি শহরে বসবাস শুরু করেন তারা। ২০০৮ সালে প্যান্টালুন ফেমিনা মিস ইন্ডিয়া সাউথ প্রতিযোগিতায় অডিশনে অংশগ্রহণ করেন, তখন শ্রেয়া ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড ইয়ারের ছাত্রী। সেই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। একই বছর মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনালিস্ট হন। অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে শ্রেয়া বিশ্বখ্যাত এলিট ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্মে যোগ দিয়েছিলেন। গ্ল্যামারাস এই মডেল কন্যা একজন ভালো পড়ুয়া ও লেখকও বটে। গত ২০১৬ সালে তার লেখা প্রথম উপন্যাস ‘ফেড টু হোয়াইট’ প্রকাশিত হয়েছে। বড় পর্দায় ঝড় তোলার আগেই শ্রেয়া ধন্বন্তরি সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘দ্য রিইউনিয়ন’-এ ‘দেবাংশি টেইলর’ চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছেন। ‘লেডিস রুম’ ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে। আগামীতে ‘দ্য ফ্যামিলি’ ওয়েব সিরিজে শ্রেয়াকে দেখা যাবে। ওয়েব সেনসেশন থেকে বলিউডে নতুন করে ঝড় তুলতে আসছেন শ্রেয়া ধন্বন্তরি। দেখা যাক, তার ভাগ্যে কি জুটে।