যশোরে ঘরের মেঝেতে রক্ত দিয়ে লিখে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:২৫

অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রফেসরপাড়ায় ঘরের মেঝেতে রক্ত দিয়ে ‘এ প্লাস আর’ লিখে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী গৃহবধূ তার শরীরের রক্ত দিয়ে ইংরেজি বর্ণে যে দুটি অক্ষর লিখে গেছেন, স্থানীয়রা তা স্বামী ও তার কথিত প্রেমিকার নামের আদ্যাক্ষর মনে করছেন।

গৃহবধূর মেয়ে জান্নাতুল ফেরদৌস মিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মায়ের কক্ষটি বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে এলাকাবাসীকে ডাকি। ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে মায়ের লাশ ঝুলতে দেখতে পাই। পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারণে তার মা আত্মহত্যা করেছে, সেটি তিনি বলতে পারেননি।

স্থানীয়রা জানান, রাজধানীর আব্দুল মালেকের ছেলে ইমতিয়াজ আবাবিল মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে প্রায় ছয় বছর আগে স্বামী পরিত্যক্তা কুলসুম আক্তার কুসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকে কুসুম ও কুসুমের মেয়েকে নিয়ে প্রফেসরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ইয়াসিন। বিয়ের কিছুদিন পর কুসুম তার স্বামীর কথিত প্রেমিকা ফাতেমা আক্তার রুমার ব্যাপারে জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এর জেরে স্বামীর ওপর অভিমান করে কুসুম আত্মহত্যা করতে পারেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, উপজেলার বিভাগদী গ্রামের সরোয়ার গাজীর মেয়ে কুলসুম আক্তার কুসুম তার মেয়েকে নিয়ে নওয়াপাড়া প্রফেসরপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। কি কারণে তিনি আত্মহত্যা করছেন, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।