নভেম্বরের প্রথম দিনে আমাদের ছেড়ে চলে গেছেন কবি আবুল হাসনাত। তার স্মরণে ছায়ানট আয়োজন করেছিল স্মরণ অনুষ্ঠান ‘তবু অনন্ত জাগে’। গতকাল শুক্রবার রাতে ভার্চুয়াল প্ল্যাটফরমে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহআয়োজক ছিল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও নালন্দা। আবুল হাসনাত ছিলেন ছায়ানটের কার্যকরী সংসদের সদস্য, নালন্দা বিদ্যায়তনের সভাপতি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি।
আলোচনায় অংশ নেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন, ছায়ানটের কার্যনির্বাহী সভাপতি ডা. সারোয়ার আলী। এছাড়া আবুল হাসনাতকে নিয়ে স্মৃতিচারণ করেন সঙ্গীতশিল্পী বুলবুল ইসলাম ও ইকবাল আহমেদ।
বক্তারা বলেন, সাহিত্যিক হিসেবে তিনি যতটা সুনাম কুড়িয়েছেন তার সেই অর্জনকে ছাপিয়ে গেছে তার সাহিত্য সম্পাদক পরিচয়। বাঙালি মধ্যবিত্তের সাহিত্য রুচি নির্মাণে তার অনন্য অবদান রয়েছে। অনেক নবীন কবি, সাহিত্যিক তার হাত দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন। নতুন লেখকদের পাঠকের সামনে তুলে ধরবার কাজটি তিনি সারা জীবন ধরে নিষ্ঠার সঙ্গে করে এসেছেন। তার অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণে রাখবে।
অনুষ্ঠানে আবুল হাসনাতকে স্মরণে রেখে গান গেয়ে শোনান শিল্পী খায়রুল আনাম শাকিল, ইফ্ফাত আরা দেওয়ান, লাইসা আহমেদ লিসা ও সুমনা বিশ্বাস। আবৃত্তি করেন বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত রায়। বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় নালন্দা বিদ্যায়তনের শিশুরা।
