থাইল্যান্ডে শিক্ষার্থীসহ ৩০ বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ আনছে পুলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০০:০৩

থাইল্যান্ডে দুই শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে পুলিশ। পার্লামেন্ট এবং পুলিশ সদর দপ্তরের কাছে বিক্ষোভে আইন ভাঙায় অভিযোগ আনা হচ্ছে। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের

ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মেজর জেনারেল পিয়ে তাওইচাই গতকাল শুক্রবার বলেন, মঙ্গলবার ডুসিত জেলায় পার্লামেন্টের কাছে বিক্ষোভে আইন ভাঙার অভিযোগে ১৪ জন এবং পরের দিন পুলিশ সদর দপ্তরের কাছে বিক্ষোভে আইন ভাঙায় জড়িত থাকায় ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ গঠন করা হচ্ছে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষ করে ক্রিমিনাল কোডের ১১২ সেকশন এক্ষেত্রে অভিযুক্ত করা হবে কি না, তাও জানাননি তিনি। মুখপাত্র জানান, আগামী সপ্তাহে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

সরকারি সম্পত্তির ক্ষতি, অনুমতি ছাড়া বিক্ষোভ, বিশৃঙ্খলা সৃষ্টি, শারীরিকভাবে লাঞ্ছিত, হত্যার চেষ্টা এবং পরিচ্ছন্নতা ও ট্রাফিক আইনের লংঘন ঘটানোর অভিযোগ আনা হতে পারে। মেজর জেনারেল পিয়ে বলেন, পার্লামেন্টের কাছে গণতন্ত্রপন্থি ও সরকারপন্থিদের বিক্ষোভে উভয় পক্ষের তিন জন গুলিবিদ্ধ হয়েছিল। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত জুলাই থেকে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচা ও রাজার ক্ষমতা হ্রাসের দাবিতে বিক্ষোভ করে আসছে গণতন্ত্রপন্থিরা। তারা অনেকেই রাজাকে অবমাননাকর মন্তব্য করছেন যার শাস্তি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড। এখন সরকারপন্থিরাও বিক্ষোভে নেমেছে।