সরকারের অপকর্মের সমালোচনা রুখতেই বিরোধীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত এক দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাই গুমের সংস্কৃতি চালু রেখে, ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচ জন। তারা হচ্ছেন—লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। এ পাঁচ জনকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী লোকেরা। দল ও তাদের পরিবার থেকে খোঁজ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার কথা অস্বীকার করছে। যারা গুম হয়েছেন তাদের পরিবার এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছি। কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয় তাহলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। বিশেষ করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পর সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যাবে, এ কোন দেশে বাস করছি আমরা? এই সরকার শুধু জনবিচ্ছিন্ন হয়ে পড়েনি তারা পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, আর এর মাধ্যমেই তারা টিকে থাকতে চায়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে গুম হওয়া নেতাকর্মীদের খুঁজে বের করুন। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছেন তাদেরকে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করুন। রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনা সরকারের এজেন্টদের পুরোনো খেলা উল্লেখ করে মহাসচিব বলেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সরকার যে নীলনকশা করছে তার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
