ভুটানের দুই কিলোমিটার ভিতরে গোপনে গ্রাম তৈরি করেছে চীন। দেশটির সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক সেই গ্রামের ছবি টুইট করেছেন। তবে পরবর্তীতে সেই টুইট মুছে দেন তিনি।
জানা যায়, টুইট করা চীনের ওই সাংবাদিকের নাম শেন শিওয়েই। তিনি দেশটির সিজিটিএন নিউজের সিনিয়ার প্রডিউসার।
শেন শিওয়েই প্রথমে সেই ছবি টুইট করে বলেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে সেটাও দেখিয়ে দেন।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চীন ভুটানের অভ্যন্তরে গোপনে যে গ্রাম তৈরি করেছে সেই গ্রামের নাম প্যাঙ্গদা।
তবে ভুটানের পক্ষ থেকে এনিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই পদক্ষেপ ভারতের কাছে খুবই উদ্বেগের বিষয়। কারণ, ভুটানের সেনার সংখ্যা সীমীত।
ভুটানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব ভারতের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানাচ্ছে, যদি চীন সত্যিই ভুটানের জমিতে গ্রাম তৈরি করে, তা হলে তা খুবই উদ্বেগের বিষয়।
লাদাখের আগে ডোকলামই ছিল সাম্প্রতিক সময়ে ভারত চীনের মধ্যে সব চেয়ে বড় বিরোধের জায়গা।
ইত্তেফাক/এসআর
